আঁধারের যজ্ঞানল
ভিন্ন ভিন্ন ঝড়ে একলা
হয়ে গেছি।
‘মানুষের ভিড়’
ভালবাসার আমি।
গভীর রাত্রি
খুব কাছে চলে এলে,
স্তব্ধ বাতাসে গহীন নীরবতায়
গারদের গন্ধ পাই ঘরে।
আবেগীয় কেন্দ্রে তখন
ঝড় ওঠে,
রক্তের গতি বাড়ে-
শিশির বিন্দুর মত ঘাম,
দখলে নেয় শরীর।
গভীর রাত্রি
খুব কাছে চলে এলে,
অনৈচ্ছিক সন্ন্যাস
বৈধতা পেতে
উঠেপড়ে লাগে,
ঘুমহীন চোখে কালি পড়ে
সমবেদী উত্তেজনার উত্তাপে।
চতুর্থ প্রহরের সমতলে দেখেছি,
রাত্রিরা পরিসর বাড়ায় বসন্ত মনে,
প্রেমের বিস্তর কথনে, ভাটা পড়ে।
গভীর রাত্রি খুব কাছে
চলে এলে-
স্তিমিত দিনের অস্পষ্ট সীমানায়
তুমি আর ডেকো না আমায়,
আঁধারের যজ্ঞানলে জীবন বদলে গেছে!
সাম্প্রতিক মন্তব্য